চট্টগ্রামের বোয়ালখালীতে এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শিশুটি মারা গেছে এবং দাফনও সম্পন্ন হয়েছে—এমন তথ্য দিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। পরে দাদির অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই নবজাতককে জীবিত উদ্ধার করে।
শনিবার (১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজি অটোরিকশাচালক মো. রাকিব (১৮) ও রোকনা বেগমের (১৮) সংসারে গত ২০ জুন একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিছুদিন পর রোকনা নবজাতককে নিয়ে বাবার বাড়িতে যান।
গত ২৭ জুলাই রাকিবের পরিবারকে জানানো হয়, শিশুটি মারা গেছে এবং ইতোমধ্যে দাফনও করা হয়েছে। তবে পরদিন শিশুটির কবর দেখাতে বললে রোকনার পরিবারের সদস্যরা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এতে সন্দেহ হলে রাকিবের দাদি ফিরোজা বেগম বোয়ালখালী থানায় অভিযোগ করেন।
অভিযোগের তদন্তে পুলিশ জানতে পারে, নবজাতককে ২০ হাজার টাকার বিনিময়ে হাটহাজারী উপজেলার বড় দীঘির পাড় এলাকার এক নিঃসন্তান পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এরপর অভিযান চালিয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, তদন্তের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এএইচ




