মারধরে বাবার মৃত্যু, ওমানে পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার ছেলে

মারধরের পর বাবার মৃত্যুর ঘটনায় মামলার আসামি ছেলে ওমানে পালানোর সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ শাহাদাত (১৯) চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী গ্রামের মৃত মোহাম্মদ শাহজাহানের (৫০) ছেলে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

এর আগে সোমবার মাকে মারধর করায় বাবাকে পিটিয়ে আহত করেন শাহাদাত ও তার বোন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহানের মৃত্যু হয়।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহজাহানের সঙ্গে পরিবারের সদস্যদের ঝগড়া হয়। একপর্যায়ে বিদেশফেরত ছেলে শাহাদাত ও মেয়ে অভিমণি মিলে বাবাকে মারধর করেন। গুরুতর আহত শাহজাহানকে পরে তারাই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবার মৃত্যুর পর শাহাদাত ও অভিমণি পালিয়ে যান বলে জানায় পুলিশ।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার ভাই-বোনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শাহাদাত মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য পাওয়ার পর তার ছবি ও প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে আটকের অনুরোধ করা হয়।

এর ভিত্তিতে বুধবার বিকেলে ওমানে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি অভিমণিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ/ডিজে

ksrm