মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল দুই বোন, পথে ইটভাটার গর্তে পড়ে মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার জন্য খনন করা পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফটিকছড়ি গ্রামের করিম বাপের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—হাবিবুর রহমানের কন্যা সাকি আকতার (৯) এবং জাকির হোসেনের কন্যা সানজিদা আকতার (৮)। তারা ভুজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে মাদ্রাসায় গিয়ে ফেরার পথে খেলতে খেলতে অসাবধানতাবশত গভীর পানিভর্তি গর্তে পড়ে যায় দুই শিশু। এ সময় পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে, স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে ভুজপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে ইটভাটার জন্য মাটি খননের ফলে সৃষ্টি হওয়া ঝুঁকিপূর্ণ গর্তই এ দুর্ঘটনার মূল কারণ। ইটভাটা মালিকরা কোনো নিয়মনীতি না মেনে যত্রতত্র মাটি কাটছেন। এ ধরনের অব্যবস্থাপনার কারণে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে বলে তারা দাবি করেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি চাওয়া হয়েছে। এখনো কোনো ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

ksrm