মাদক বিক্রি করতে এসে আটক যুবক, তল্লাশিতে মিললো দুটি বন্দুক ও গুলি

কক্সবাজারের পেকুয়ায় অভিযান মাদক বিক্রি করতে এসে অস্ত্র ও গুলিসহ আটক হয়েছেন এক যুবক। তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, দুটি কার্তুজ ও দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

আটক যুবকের নাম আহম্মদ নুর (৪৫)। তিনি উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

বুধবার (৩ জুন) রাত ২টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা মসজিদ সংলগ্ন পাকা তিন রাস্তার মোড়ে অভিযান চালায়। সেখানে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আহম্মদ নুরকে আটক করা হয়।

পরে তাকে তল্লাশি করে দুটি দেশীয় তৈরি বন্দুক, দুটি তাজা কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে এজাহার দায়ের করে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, র‌্যাব অস্ত্রধারী এক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়েছে, এজাহারটি মামলা হিসেবে এন্ট্রি করা হবে।

ডিজে

ksrm