মাদক কারবারে ‘কক্সবাজার এক্সপ্রেস’র স্টুয়ার্ড, ব্যাগে মিললো ৫ হাজার ইয়াবা

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডের কাঁধের ব্যাগ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। চট্টগ্রাম রেলস্টেশনে ট্রেন পৌঁছানোর পর পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

আটক স্টুয়ার্ডের নাম মো. মাহাবুর রহমান (২০)। তিনি জামালপুরের মেলান্দহ উপজেলার নলছিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৪ আগস্ট) র‍্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নেয় র‍্যাবের একটি দল। তাদের কাছে তথ্য ছিল, কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ড মাদকের একটি চালান বহন করছেন।

বিকেল ৪টা ২ মিনিটে ট্রেনটি স্টেশনে পৌঁছালে ‘জ’ বগি থেকে নামার সময় র‍্যাব সদস্যদের দেখে মাহাবুর রহমান পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা কালো রঙের একটি কাঁধের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ/ডিজে

ksrm