মাদকের টাকা জোগাড়ে চুরি-ছিনতাই, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড

চট্টগ্রাম বাঁশখালীতে মাদকের নেশায় জড়িয়ে চুরি, ছিনতাই ও পরিবারের ওপর নির্যাতনের অভিযোগে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজের ছেলের বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এক মা। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এক তরুণকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মো. শহীদুল্লাহ (১৯)।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল শহীদুল্লাহ। মাদকের টাকা জোগাড় করতে সে বিভিন্ন সময় চুরি-ছিনতাই করত। এছাড়া পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

একপর্যায়ে অসহায় হয়ে তার মা শীলকূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, আদালতের শুনানিতে মা বলেন, মাদকের অর্থ জোগাড় করতে তার ছেলে নিয়মিত মোবাইল চুরি করত এবং তার বিরুদ্ধে ২০টিরও বেশি চুরির অভিযোগ রয়েছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আরও বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিনি নিজেই ছেলের শাস্তি দাবি করেন।

একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন—উপজেলার পালেগ্রাম এলাকার মো. মাঈনুদ্দীন (২৯) এবং হট্টইতলা-জঙ্গল পৈরাং এলাকার জামাল হোসেন (৪২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসংক্রান্ত অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এএইচ/ডিজে

ksrm