মাতামুহুরীতে স্যান্ডেল হারানোর জেরে পশু চিকিৎসককে হত্যা

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে লবণ মাঠে জুতা হারানোর জেরে প্রতিপক্ষের হামলায় এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত ১টার পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (৪০) বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের স্যান্ডেল হারিয়ে যায়। স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে প্রথমে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের কয়েকজন লোক তর্কাতর্কি সৃষ্টির পরে সাকিবের ওপরে হামলায় চালায়। এরপর লবণ খেত থেকে ফিরে এলাকায় আসলে ফের হামলার শিকার হন সাকিব।

এঘটনার বিষয়ে সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নিলেও অভিযুক্তরা বাহুবল দেখিয়ে বৈঠকে আসেনি।

নিহত পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গত ১৫ আগস্ট সকাল ৭টার দিকে কাইফু, ইমন, রোকন, জীবন ও জিহানসহ আরো কয়েকজন মিলে দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে সাকিবের বাড়িতে ঢুকে ভাংচুর এবং এলোপাথাড়ি মারধর করাতে সাকিবের বাবা ওয়াজ উদ্দিন (৬৫) দুই ভাই আরফাত (২১) ও মোশাররফ (২৪) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও জানা গেছে, সাকিব হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে দাবি স্থানীয়দের। সাকিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের মাতম শুরু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটনে তিনিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছেন। এখনো খুনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য সঠিক জানা যায়নি। কারা ঘটনার সাথে জড়িত, চিহ্নিত হলে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

ডিজে

ksrm