কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে বালুর চোরা গর্তে ডুবে আদর দাশ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসব গর্ত অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্টি হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে মাতামুহুরী ব্রিজ পয়েন্ট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আদর দাশ (১২) চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার প্রবাসী প্রদীপ দাশের ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে আদর। এসময় নদীর তলদেশে অবৈধ বালু উত্তোলনের কারণে সৃষ্টি হওয়া চোরা গর্তে তলিয়ে যায় সে। পরে বন্ধুরা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন জানান, মাতামুহুরী নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ




