মাটির নিচে ড্রামে লুকানো ছিল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা, নারী আটক

কক্সবাজারের উখিয়ায় মাটির নিচে প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে এসব ইয়াবা জব্দ করে র‌্যাব-১৫।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করে। তবে তার এক সহযোগী পালিয়ে যান।

গ্রেপ্তার নারী হলেন—উখিয়া উপজেলার হাজিরপাড়া ওয়াপালং (৬ নম্বর ওয়ার্ড, রাজাপালং ইউনিয়ন) এলাকার মৃত আবুল কালামের মেয়ে ও মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী শাকিলা শারমিন রেশমী (২২)।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার ব্যক্তির ঘর ও ফেলে যাওয়া প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে। পলাতক সহযোগীসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, সীমান্ত এলাকায় মাদকপাচার প্রতিরোধ এবং এ চক্রের মূলহোতা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিজে

ksrm