চট্টগ্রামের বাঁশখালীতে দুই সন্তানের মারধরে আহত বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে মায়ের ওপর মারধর করায় বাবাকে পিটিয়ে আহত করেন তার সন্তানরা।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান জানান।
ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (৫০) উপজেলার কোকদণ্ডী গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা। সোমবার রাতে মারধরের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শাহজাহান রাতে তার স্ত্রীকে মারধর করেন। এসময় তার বড় ছেলে ও মেয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। বাদানুবাদে ছেলেমেয়ে মিলে বাবাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় ছেলেমেয়েকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।
ডিজে




