চট্টগ্রাম নগরীর গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে সুমিত চৌধুরী ওরফে বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর পঞ্চম দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।
সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে।
জানা গেছে, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। এরপর নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী ঘরে ফিরে দীর্ঘক্ষণ ধাক্কা দিলেও কেউ দরজা খুলছিল না। পরে সুমিত এসে দরজা খুলেন।
ঘরে ঢুকে সোমনাথ তার মাকে বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সুমিতের ঘাড় থেকেও রক্ত ঝরছিল।
এ সময় সুমিত তার বড় ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে কোপ দিয়েছেন।
২০১৭ সালের ২৩ জুলাই আদালতে সুমিতের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে মাকে কুপিয়ে গলা কেটে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছেলে সুমিত চৌধুরী বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ডিজে




