মহেশখালী থেকে অস্ত্রের বড় চালান যাচ্ছিল চকরিয়ায়, পথে ৮ বন্দুকসহ ২ জন আটক

কক্সবাজারের মহেশখালীর পাহাড়ি এলাকা থেকে তৈরি করা দেশীয় অস্ত্রের একটি চালান সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিল চকরিয়ার বদরখালীতে। কিন্তু পথে পুলিশের হাতে ধরা পড়েছে দুই অস্ত্র ব্যবসায়ী। এ সময় তাদের কাছ থেকে একটি রাইফেল, ছয়টি একনলা বন্দুক ও একটি এলজি উদ্বার করে পুলিশ। তবে অপর দুইজন পালিয়ে গেছে।

শনিবার (২৯ আগস্ট ) রাত ১০টার দিকে মহেশখালীর ঠাকুরতলা চৌরাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার দুপুরে মহেশখালী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—মহেশখালীর ঠাকুরতলা এলাকার মানিক দে (৩৮) এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মো. রুবেল মিয়া (৩৪)।

পুলিশ জানায়, গত ২১ আগস্ট শাপলাপুর ইউনিয়নের মিঠাছড়ি এলাকার পাহড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। এরই মধ্যে শনিবার রাতে পুলিশের কাছে খবর আসে, ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ জেটিঘাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে অস্ত্রের চালান চকরিয়ার বদরখালী এলাকায় নেওয়া হবে। খবর পেয়ে ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে তল্লাশিচৌকি বসায় পুলিশ।

পুলিশ আরও জানায়, অটোরিকশাটি সেখানে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে অটোরিকশাটি আটক করে। এ সময় গাড়িতে থাকা চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর দুজন পালিয়ে যান। অটোরিকশায় তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, পাহাড়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের পর পাওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্রের চালানটি ধরতে অভিযান চালানো হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, অভিযানে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এফএ/ডিজে

ksrm