কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলের ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জেলে হলেন—কুতুবজোম ইউনিয়নের খোন্দপাড়ার ফয়েজ আহমেদ (৬০) এবং কামিতার পাড়ার ছলিম উল্লাহর ছেলে সাইফুল করিম (৩৭)।
এছাড়া নিখোঁজ দুইজন হলেন—খোন্দকার পাড়ার নুরুল আলম (২৮) ও বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার মুহিব উল্লাহ (৫৫)। মুহিব উল্লাহ নিহত সাইফুল করিমের শ্বশুর বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি নিয়ে ৮ জন জেলে বুধবার রাত ৯টার দিকে সাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার ভোরে সোনাদিয়া চ্যানেলের ফাঁড়ি এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় চারজন পানিতে পড়ে যান। তবে অপর চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
পরে স্থানীয় জেলেরা দুই জেলের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপর দুই জেলেকে উদ্ধারে তল্লাশি চলছে।
ট্রলারের মালিক ফরিদুল আলম নিজেই এর মাঝি ছিলেন। তিনি জানান, সোনাদিয়া চ্যানেলের ফাঁড়ি এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাস শুরু হয়। এরপর ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় আমাদের চারজন পানিতে পড়ে যায়। তবে আমি ও অন্য তিনজন সাঁতরে তীরে উঠি।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, স্থানীয় জেলেদের কাছ থেকে ট্রলারডুবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভোরের দিকে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে দুই জেলের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ দুজনকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
ডিজে




