মশা মারা শিখতে চট্টগ্রামের মেয়রসহ পাঁচজনের আমেরিকা সফরের প্রস্তাবে প্রধানমন্ত্রীর ‘না’

‘শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে’

মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পর এ বিষয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি সোমবার (১ জুন) এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

যুক্তরাষ্ট্র সফরের জন্য মেয়র শাহাদাত হোসেনসহ আরও যাদের নাম প্রস্তাব করা হয়েছিল, তারা হলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো স্থানে সন্ধ্যার পর কোনো ডোবার পাশে দুই থেকে তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।

প্রস্তাবটি নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফাইলে দেওয়া মতামতে লিখেছেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

ভ্যালিয়েন্ট বায়োসায়েন্স এলএলসির অর্থায়নে এই সফরের প্রস্তাব করা হয়েছিল বলে জানা গেছে। প্রস্তাবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ পাঁচ কর্মকর্তার ফ্লোরিডা সফরের কথা উল্লেখ ছিল।

সিপি

ksrm