চট্টগ্রাম হাটহাজারীতে ছিনতাইয়ের অভিযোগে চার যুবককে আটক করেছে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে চাজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শুক্রবার (২৬ জুন) মধ্যরাতে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক চারজন হলেন— নতুনপাড়া এলাকার আরিফুল হক বাদশা (১৯), আমান বাজার এলাকার মো. ফয়সাল ইসলাম জিহাদ (১৭), নতুনপাড়া এলাকার মো. ওয়দুল জামান রাকিব (১৬) এবং মো. হাসান মুরাদ (১৮)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে হাটহাজারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পোশাককর্মী ও পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বিষয়টি জানার পর স্থানীয়রা নজরদারি শুরু করেন।
একপর্যায়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নতুনপাড়া এলাকার আলম কোম্পানির বাড়ির ভেতর থেকে তাদের আটক করেন।
পরে তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (রিভলভার) এবং পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান জানান, আটক চারজনের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ/ডিজে




