গায়ে পুলিশের পোশাক, হাতে হ্যান্ডকাফ। ব্যস্ততম সড়কে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করছিলেন। আদায় করছিলেন টাকা। কিন্তু হঠাৎ চলে এলো টহল পুলিশের একটি টিম। আটক করা হলো তল্লাশিতে ব্যস্ত সেই যুবককে। জানা গেল, তিনি আদতে ভুয়া পুলিশ নন। পুলিশের পোশাক পড়ে চাঁদাবাজি করছিলেন।
শনিবার (২৩ এপ্রিল) রাত ১২টায় কক্সবাজার শহরের ব্যস্ততম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এলাকার ঘটনা এটি।
গ্রেপ্তার ভুয়া পুলিশের নাম মো. আতিক উল্লাহ আল মামুন (৪০)। তার বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ডিগলিয়া গ্রামে। তার কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, একটি হ্যান্ডকাফ এবং নাম লেখা দুটি ব্যাজ উদ্ধার করেছে পুলিশ। ব্যাজ দুটিতে ‘সাইফুল ইসলাম মিজান’ ও ‘মো. মিজান’ নাম লেখা রয়েছে।
জানা গেছে, স্টেডিয়ামের পাশে ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতাল, ইউনিয়ন হাসপাতাল, জেনারেল হাসপাতাল, আল ফোয়াদ খতিব হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। গভীর রাত পর্যন্ত রোগী বহনকারী গাড়ির চাপ থাকে সড়কটিতে। সেখানে চাঁদাবাজি করছিলেন আতিক উল্লাহ।
পুলিশ পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার ও লোকজনের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার মামুন পুলিশের পোশাক পরে লোকজনের কাছ থেকে চাঁদাবাজি করছিলেন। তার বিরুদ্ধে প্রতারণার ঘটনায় মামলা দিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
ডিজে




