মধ্যরাতে অস্ত্রসহ দুই জেএসএস কর্মীর আত্মসমর্পণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে মধ্যরাতে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দুই সদস্য। তাদের কাছ থেকে শটগান, বিদেশি এম-৪এ১ কারবাইন রাইফেলসহ ৬৪ রাউন্ড তাজা গুলি ও ১৮৮ রাউন্ড বিশেষ বল অ্যামো (গোলাবারুদ) উদ্ধার করা হয়।

সোমবার (১৮ মে) রাত দেড়টার দিকে পানছড়ি ব্যাটালিয়নের ৩ বিজিবির অধীন ট্রিগহাইট বিওপিতে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী দুই পাহাড়ি যুবক হলেন—রিদয় চাকমা (১৯) ও রিয়েল চাকমা (২১)। এর মধ্যে রিদয়ের বাড়ি রাঙামাটির দুর্গম সাজেক এলাকায়, তার বাবার নাম ইন্দ্র কুমার চাকমা। অপরজন রিয়েল চাকমার বাড়ি খাগড়াছড়ির পানছড়ির আলিচান পাড়া গ্রামে এবং তার বাবার নাম রুপায়ন চাকমা বলে জানিয়েছে বিজিবি।

জানা গেছে, গভীর রাতে হঠাৎ করেই দুই সশস্ত্র ব্যক্তি বিজিবি ক্যাম্পে এসে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। পরে তারা নিজেদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম বিজিবির কাছে জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষার কথা জানান।

বিজিবি আরও জানায়, গভীর রাতে আত্মসমর্পণের সময় দুই সশস্ত্র সদস্যের কাছ থেকে একটি শটগান, একটি বিদেশি এম-৪এ১ কারবাইন রাইফেল, শটগানের ৬৪ রাউন্ড তাজা গুলি ও আরও ১৮৮ রাউন্ড বিশেষ বল অ্যামো (গোলাবারুদ) উদ্ধার করতে সক্ষম হয়েছে।

তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও দুটি সাধারণ বাটন মোবাইল ফোনও আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এফএ/ডিজে

ksrm