চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় চাঁদাবাজদের টোকেন বাণিজ্যের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। চাঁদা না দিলে মারধর, পুলিশ দিয়ে গাড়ি আটকে রাখাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদের। কথিত এক সংগঠনের নামে কিছু অসাধু ব্যক্তি নেতা সেজে প্রতিমাসে সাড়ে তিন লাখ টাকা চাঁদাবাজি করছে এলাকার অটোরিকশা স্ট্যান্ড থেকে।
তবে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থানে গিয়েছে পুলিশ। তারা বলছে, কথিত সংগঠনের নামে চাঁদাবাজি করে অটোরিকশা চালকদের হয়রানি করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। চালকদের চাঁদা না দেওয়ার জন্য বলা হয়েছে। কেউ চাঁদাবাজি করলে তাকে গ্রেপ্তার করা হবে।
অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মইজ্জ্যারটেক অটোরিকশা স্ট্যান্ডে প্রায় ৫০০ গাড়ি রয়েছে। যারা দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন রুটে ভাড়ায় চলে। গ্রাম গাড়ি হওয়ায় তাদের শেষ স্ট্যান্ড মইজ্জ্যারটেক। কিন্তু এখানে ‘কর্ণফুলী মালিক শ্রমিক ঐক্য পরিষদ’ নামে একটি কথিত সংগঠনের নেতা পরিচয়ে কিছু লোক চাঁদা বসিয়ে দিয়েছে। প্রতিটি গাড়ি থেকে মাসে ৭০০ টাকা করে চাঁদা নেওয়া হয়, বিনিময়ে দেওয়া হয় একটি মাসিক টোকেন। চাঁদা না দিলে মারধর করা হয়, এমনকি পুলিশ দিয়ে গাড়ি আটক করানো হয়।
আরও জানা গেছে, কথিত ওই সংগঠনের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ শাকিব নামে এক যুবক। তার সঙ্গে আরও কয়েকজন মিলে মাসে চাঁদাবাজি করে বেড়ান মইজ্জ্যারটেক এলাকায়। এছাড়া মোহাম্মদ হোসেন সভাপতি ও মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক পরিচয়ে কথিত আরেকটি সংগঠনের নামে পক্ষে প্রায় এক হাজার সিএনজি অটেরিকশা থেকে মাসে ২৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়।
আগে শ্রমিক লীগের নামে চাঁদা তোলা হলেও এখন বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে টাকা আদায় করা হচ্ছে।
স্থানীয় সিএনজি অটোরিকশা চালক আব্দুল রহিম জানান, একাধিক সিন্ডিকেট পুলিশের নাম বিক্রি করে আমাদের কাছে টোকেন বিক্রি করে। না নিলে আমাদের মারধর করে। হুমকি দিয়ে বলেম টোকেন না নিলে পুলিশ দিয়ে গাড়ি আটক করাবো।
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক বন্দর বিভাগের মইজ্জ্যারটেকের ট্রাফিক পরিদর্শক (টিআই) আবু সাঈদ বাকার জানান, আমার এলাকায় কোনো টোকেন বাণিজ্য চলবে না। গাড়ি আইন অনুযায়ী চললে ও কাগজপত্র ঠিক থাকলে কোনো ধরনের পুলিশি হয়রানি করা হয় না। তবে কিছু কুচক্রী মহল টোকেন বাণিজ্য করছে বলে অভিযোগ পেয়েছি। আমি তাদের বলতে চাই, কেউ যদি পুলিশের নাম ভাঙিয়ে এমন অপকর্ম করে, তাহলে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেবো।




