ভোটের হাওয়ায় সরগরম হাটহাজারী, মাঠে সকাল-সন্ধ্যা মীর হেলাল

হাটহাজারীর তিনটি গুরুত্বপূর্ণ জনপদ গুমানমর্দন, নাঙ্গলমোড়া ও ছিপাতলী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপ নেয় নির্বাচনী কর্মচাঞ্চল্যে। হাটবাজার, গ্রামপথ ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের ঢল নামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের গণসংযোগকে ঘিরে। উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়ায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মঙ্গলবার সকাল থেকে ব্যারিস্টার মীর হেলাল গুমানমর্দন, পেশকারহাট, চৌমুহনী বাজার, নাঙ্গলমোড়া ও ছিপাতলীর বিভিন্ন গ্রাম ও হাটবাজারে ধারাবাহিক গণসংযোগ করেন। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার মানুষের কথা শোনেন। পথসভা ও জনসংযোগে প্রতিটি স্থানে ভিড় বাড়তে থাকে, অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অংশ নেন।

গণসংযোগকালে পৃথক পথসভায় মীর হেলাল বলেন, ‘হাটহাজারী আমার শেষ ঠিকানা। জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে উন্নয়ন, অগ্রগতি, শিক্ষা, সংস্কৃতি, শান্তি ও সম্প্রীতিতে অনন্য এক হাটহাজারী গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি সহনশীল সমাজ গড়াই তাঁর লক্ষ্য।

মীর হেলাল আগামী ১২ ফেব্রুয়ারি সকালে ভোটারদের পরিবার, পরিজন ও প্রতিবেশীদের নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান এবং সবার দোয়া কামনা করেন। গণসংযোগে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক ভোটার প্রার্থীর সঙ্গে কথা বলার জন্য পথসভায় ভিড় করেন।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, নুরনবী তালুকদার, সালাউদ্দিন আলী, ডা. আব্দুল খায়ের, কামাল উদ্দিন, হোসেন মেম্বার, তকিবুল হাসান চৌধুরী তকি ও মোহাম্মদ আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা দিনভর কর্মসূচিতে অংশ নেন এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ করেন।

ksrm