কক্সবাজারের চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও গ্রাহকদের সঙ্গে প্রতারণা দায়ে মা-মনি হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ভেজাল পণ্য বিক্রির দায়ে কয়েকটি মুদি দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এ অভিযান চালান।
অভিযানে চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম, চকরিয়া থানা পুলিশের সদস্য এবং নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
স্যানিটারি ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, বাজারের কয়েকটি মুদির দোকানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে আনা পণ্য মজুদ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে আনা পণ্য মজুদ ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে কয়েকটি মুদির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মা-মনি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, ‘জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপোস করা হবে না। মেয়াদোত্তীর্ণ পণ্য ও রি-এজেন্ট ব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।’
এএইচ




