ভুয়া ফেসবুক আইডি থেকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, মধ্যরাতে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক আইডি খুলে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিকের বিরুদ্ধে অপপ্রচারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম পলাশ। তিনি ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।

বুধবার (১১ জুন) রাতে শেরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিট।

জানা গেছে, পলাশ দীর্ঘদিন ধরে একাধিক ভুয়া ফেসবুক আইডি পরিচালনা করে সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে বিভ্রান্তিকর, মানহানিকর ও উস্কানিমূলক তথ্য প্রচার করে আসছিলেন। সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর তথ্য-উপাত্ত ও ডিজিটাল আলামত বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার পলাশের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এর আগে একই ঘটনায় দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. খায়রুল আলম রফিক রমনা থানায় একজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ ময়মনসিংহের কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, যারা অর্থের বিনিময়ে তাকে দিয়ে এসব অপপ্রচারমূলক কর্মকাণ্ড পরিচালনা করাতেন। তাদেরকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ksrm