ভুয়া অনুমতিপত্র, চালান ও গেট পাস ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে পাচার করা পণ্যবাহী কন্টেইনার সাত ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নগরীর হালিশহরের একটি গ্যারেজ থেকে এটি উদ্ধার করা হয়। তবে কন্টেইনারে কি ধরনের পণ্য ছিল তা জানা যায়নি।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টায় নগরীর হালিশহর বারনী ঘাট শাহজালাল ট্রাক টার্মিনালের পাশ থেকে কন্টেইনারটি উদ্ধার করা হয়। তবে বিষয়টি জানাজানি হয় বুধবার।
তবে উদ্ধার করা কন্টেইনারটির সীল অক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, কন্টেইনারটির এজেন্ট কন্টিনেন্টাল ট্রেডার্স, রোটেশন নম্বর ২৫/৩৮৭১ এবং ভেসেল ‘স্বদেশী চিটাগাং’। আমদানিকারক প্রতিষ্ঠান ‘ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেড’। এটি পাচারের উদ্দেশ্যে ‘জেএস ইন্টারন্যাশনাল‘ সিঅ্যান্ডএফ এজেন্টের নামে একটি ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান এবং গেট পাস ব্যবহার করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যাকআপ ইয়ার্ড থেকে ট্রেইলারে লোড করে সিপিএআর গেট ব্যবহার করে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কন্টেইনারটি বের করা হয়।
বন্দরের নিরাপত্তা বিভাগ গোপন সংবাদ পেয়ে কন্টেইনারটির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে হালিশহর বারনী ঘাট সংলগ্ন শাহজালাল ট্রাক টার্মিনালের পাশে, বিএমডি সাইফুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের একটি গ্যারেজ থেকে রাত সাড়ে ১১টায় কন্টেইনারটি উদ্ধার হয়।
এসময় কন্টেইনারটি পরিবহনে ব্যবহৃত ট্রেইলারটিও জব্দ করা হয়। তবে পাচারকারীদের কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসঙ্গে বন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান বন্দর সচিব।
ডিজে




