ব্রেইলে ধর্মীয় শিক্ষা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ২১ রোটারি ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ

চট্টগ্রামে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা ও ব্রেইল প্রশিক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিতে এক ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে ‘দৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র (কৃষ্টি ট্রাস্ট)’ এবং চট্টগ্রামের ২১টি রোটারি ক্লাব। এই উদ্যোগের অংশ হিসেবে ব্রেইল পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) নগরের ২ নম্বর গেইট এলাকার কর্ণফুলী টাওয়ারে কৃষ্টি ট্রাস্টের নিজস্ব কার্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ধর্মীয় ব্রেইল শিক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া রোটারি ক্লাবগুলো কৃষ্টি ট্রাস্টের এ উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করে।

এই উদ্যোগের নেতৃত্ব দেন রোটারি ক্লাব অব চিটাগং রেইনবোর বর্তমান সভাপতি রোটারিয়ান সাবিনা কাইয়ুম দোভাষ। এ ছাড়া ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান জাহেদা আক্তার মিতা এবং আগামী দিনের সভাপতি রোটারিয়ান সুবর্ণা দে সার্বিক সহযোগিতা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিই শিক্ষার প্রধান ও কার্যকর মাধ্যম। বিশেষ করে ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্রেইল পদ্ধতিতে কোরআন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তারা যেমন শিক্ষার আলোয় আলোকিত হবে, তেমনি ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগও সম্প্রসারিত হবে।

কৃষ্টি ট্রাস্ট এ বছর বিভিন্ন ধর্মীয় পুস্তক ব্রেইলে মুদ্রণ ও প্রকাশনার পাশাপাশি ব্রেইল পদ্ধতিতে ধর্মীয় প্রশিক্ষণ কার্যক্রমও হাতে নিয়েছে। কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানা বলেন, কৃষ্টির প্রতিটি মানবিক কার্যক্রমে চট্টগ্রামের বিভিন্ন রোটারি ক্লাবের সহযোগিতা সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বিশেষভাবে এ উদ্যোগ গ্রহণের জন্য রোটারিয়ান সাবিনা কাইয়ুমের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে চট্টগ্রামের ২১টি রোটারি ক্লাবের সভাপতি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান সুবর্ণা দে।

যেসব রোটারি ক্লাব এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেছে, সেগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং মেরিন সিটি, মেট্রোপলিটন চিটাগাং, চিটাগাং ডাউনটাউন, চিটাগং সাউথ, এনসিয়েন্ট চিটাগং, চিটাগং হেরিটেজ, গ্রেটার চিটাগং, চিটাগং খুলশী, খুলশী সেন্ট্রাল, চিটাগং রেইনবো, চিটাগং স্মাইল, চিটাগং পোর্ট সিটি, চিটাগং সুপ্রিম, চিটাগাং রিভারাইন হালদা, চিটাগাং অ্যারিস্টোক্র্যাট, চিটাগাং রিভার সাইন, চিটাগাং ইম্পেরিয়াল, আধুনিক চট্টগ্রাম, চিটাগং পাইওনিয়ার, চিটাগাং ওয়াটারফল এবং চিটাগং সাগরিকা।

ksrm