ব্রিটেনে লুকানো সাবেক মন্ত্রী জাবেদের সাড়ে তিন হাজার কোটির ৫১৮ ফ্ল্যাট জব্দ
চট্টগ্রামে আগেই উদ্ধার ২৩ বস্তা দলিল
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ–এর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের নথি অনুযায়ী, এসব সম্পদের মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩ হাজার ৫৯৭ কোটি ৭৮ লাখ টাকা।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ জব্দের আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন। তদন্তের স্বার্থে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে।
গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে মামলাসংশ্লিষ্ট ২৩ বস্তা নথি জব্দ করা হয়। পরবর্তীতে সেগুলো ঢাকায় এনে পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। এতে বিদেশে সম্পদ অধিগ্রহণের নানা দলিল পাওয়া গেছে, যার মধ্যে চুক্তিপত্র, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রসিদ, চেক ও ভাউচার অন্তর্ভুক্ত।
নথি পর্যালোচনায় যুক্তরাজ্যে তার ও সংশ্লিষ্টদের নামে বিপুল স্থাবর সম্পদের তথ্য উঠে আসে। সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের আশঙ্কা থাকায় আদালতের কাছে জব্দের আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে জব্দের নির্দেশ দেন।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪-২০১৮ মেয়াদে ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯-২০২৩ মেয়াদে ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।




