ব্রিজ থেকে লাফিয়ে মারা গেলেন মাটিরাঙ্গার শিক্ষক

0

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের ধলিয়া খালের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে মো. আইয়ুব আলী মজুমদার (৬৩) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’

নিহত আইয়ুব আলী মজুদার মাটিরাঙ্গা উপজেলাধীন কাইশ্যারামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন মাটিরাঙ্গার দারুচ্ছুন্নাহ মাদরাসা জামে মসজিদ থেকে জোহরের নামাজ আদায় শেষে ধলিয়া ব্রিজের ওপর থেকে লাফিয়ে নিচে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহীদুল ইসলাম সোহাগ থানা পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট ভাই মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৈয়ব আলী মজুদমদার বলেন, দীর্ঘদিন ধরে আমার ভাই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার স্ত্রী স্কুলে গেলে প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেড়িয়ে যেতেন তিনি। কয়েক মাস আগেও তিনি বেশ কয়েকদিন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তাকে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় পাওয়া যায়।

এদিকে সেতু ওপর থেকে লাফিয়ে সাবেক স্কুল শিক্ষকের আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সেখানে তার ছাত্রছাত্রীসহ শতাধিক মানুষ ভীড় করে।

ডিজে

ksrm