বোয়ালখালীর হাক্কানী পেপার মিলে আগুন, ২ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

চট্টগ্রামের বোয়ালখালীতে ‘হাক্কানী পেপার মিলে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে পূর্ব কালুরঘাট এলাকায় এ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফ্যাক্টরির ম্যানেজার (এডমিন) আশরাফুল মওলা জানান, সোমবার দুপুর ১টার দিকে শ্রমিকদের মারফতে জানতে পারি, ফ্যাক্টরির পশ্চিম কোণায় ইউনিট-২ মিডিয়া ওয়েট্রেস গোডাউনে ধোঁয়া দেখা গেছে। তখন ঘটনাস্থলে গিয়ে অফিসের শ্রমিক-কর্মকর্তাদের অবহিত করে পানি নিক্ষেপ কাজ শুরু করি। এ খবর ফায়ার সার্ভিসকে জানালে, তারা এসে অগ্নিকাণ্ডের ঘটনার উৎস উদঘাটন এবং আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে।

বোয়ালখালী উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার অলক চাকমা বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর বোয়ালখালী ও কালুরঘাটের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনার সঠিক সূত্র জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট সার্কিটে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

হাক্কানী পেপার অ্যান্ড বোর্ড মিলস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি পল্টু কান্তি বড়ুয়া বলেন, এ ঘটনায় অগ্নিশিখা দেখা না গেলেও ওয়েস্ট্রেস গোডাউনের ওই অংশে বেশ কিছু দামী যন্ত্রপাতি, ক্যাবল পুড়ে গেছে এবং কাগজ নষ্ট হয়েছে।

খবর পেয়ে বাংলাদেশ দমকল বাহিনীর আগ্রাবাদের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর অতিশ চাকমা, বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন, ফ্যাক্টরির এমডি গোলাম সরোয়ার, দমকল বাহিনীর বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলার পরিদর্শক অর্জুন বাড়ৈ, ফ্যাক্টরির জিএম তারেক সিকদার, বোয়ালখালী থানার এসআই আলী আকবর, এএসআই বেলায়েত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিজে

ksrm