চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জন।
নিহতরা হলেন—বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার নূর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাস (৫৩)। উজ্জ্বল দাস মুক্তিযুদ্ধে শহীদ বিরাজ দাশের ছেলে।
রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা ও রাত সাড়ে ১০টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয়ের খালা নার্গিস আক্তার বলেন, ছেলেটাকে আর বাঁচানো গেল না।
এর আগে গত ১৬ জুলাই সকাল ১০টায় বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে উজ্জ্বল দাসের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং নুর নবী হৃদয়ের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে যায়। পরে দুজনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
নিহত হৃদয়ের পারিবারিক সূত্রে জানা গেছে, নুর নবী হৃদয় ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতেন। দুই বছর আগে বিয়ে করা হৃদয়ের এক বছর দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আইসিইউতে নেওয়ার আগে তিনি পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, চোখের অংশ পুড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। আমাকে মাফ করে দেবেন। আমার ছোট্ট বাচ্চাটাকে দেখে রাখবেন।
অপরদিকে উজ্জ্বল দাসের পরিবার জানায়, সংসারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে দুর্ঘটনার মাত্র কয়েক দিন আগে তিনি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেডে কাজে যোগ দিয়েছিলেন।
ডিজে




