চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ঢলে ভাণ্ডালজুড়ি খালে তলিয়ে দিদার আলম হৃদয় নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয় (১৮) পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে পাহাড়ের লিচু বাগানে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে কাজে যাওয়ার সময় ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা এলাকায় খাল পার হওয়ার চেষ্টা করলে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান।
স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান জানান, পাহাড়ি ঢলের কারণে খালে তীব্র স্রোত ছিল। সেই সময় খাল পার হতে গিয়ে হৃদয় নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে পাহাড়ে কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় হৃদয় নিখোঁজ হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানিয়েছেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছে।
ডিজে




