বোয়ালখালীর পাহাড়ে পড়েছিল হাত-পা বাঁধা যুবকের লাশ

চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. ওমর ফারুক। তিনি রাঙ্গুনিয়া উপজেলার জঙ্গল সফরভাটা এলাকার বাসিন্দা এবং মো. ওসমানের ছেলে।

শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের অরিহুরার চর এলাকার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাহাড়ে যাওয়া লোকজন একটি লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরনে হাফহাতা গেঞ্জি ও লুঙ্গি ছিল। তার দুই হাত পিছনমোড়া করে বাঁধা ছিল এবং পা দুটিও বাঁধা অবস্থায় পাওয়া যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজে

ksrm