বোয়ালখালীর দেশবন্ধু সংসদে বিনামূল্যের চিকিৎসাশিবিরে উপচেপড়া রোগী

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যের চিকিৎসা শিবিরে হাজারও মানুষ সেবা নিয়েছেন।

বোয়ালখালীর দেশবন্ধু সংসদে বিনামূল্যের চিকিৎসাশিবিরে উপচেপড়া রোগী 1

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই স্বাস্থ্যসেবা কর্মসূচি চলে।

দেশবন্ধু সংসদের শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় এ ক্যাম্পের। নবজাতক, শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী রোগীদের ভিড়ে শিবির ছিল সরগরম। তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ ও চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, এলাকার সন্তানদের কাছ থেকে এমন সেবা পাওয়া তাদের জন্য আনন্দের বিষয়।

মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. সীমান্ত ওয়াদ্দাদার বলেন, ‘দেশবন্ধু সংসদের ৭৫ বছরপূর্তিতে গ্রামের মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাচ্ছেন, এটা বড় অর্জন। প্রতিষ্ঠানটি মানবকল্যাণে আরও এগিয়ে যাক।’

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী অনুভূতি প্রকাশ করে বলেন, ‘জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। নিজের গ্রামের মানুষের পাশে থাকার আনন্দ অন্য কোথাও নেই।’

অনুষ্ঠানে চিকিৎসকদের ফুল, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

এতে চিকিৎসাসেবা দেন— নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, নাক-কান-গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. পংকজ কুমার চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো-ল্যাসিক সার্জন অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. সীমান্ত ওয়াদ্দাদার, চর্ম, যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজশ্রী চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সুলেখা চৌধুরী ও ডা. জয়ন্তী সরকার, অর্থোপেডিক বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজর্ষি নাগ, জুনিয়র কনসালটেন্ট রানা দে, ডা. তাসিন মুহাম্মদ রেসাদ ও ডা. পরমোজ্জ্বল চৌধুরী।

ksrm