প্রায় ১০ দিন ধরে তীব্র বিদ্যুৎ সংকট, উপজেলা সদরে দীর্ঘস্থায়ী যানজট এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত কর্মসূচিতে বোয়ালখালী উপজেলা ছাত্রশক্তির ইউনিটের নেতা-কর্মী ও সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রশক্তির সদস্য সচিব এনামুল হক খান ফাহিম। তিনি বোয়ালখালীর দীর্ঘদিনের দুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বোয়ালখালীতে অনেক নেতা থাকলেও উপজেলাটি যেন অভিভাবকহীন অবস্থায় পড়ে আছে।
এনামুল হক খান ফাহিম বলেন, প্রায় ১০ দিন ধরে বোয়ালখালী তীব্র বিদ্যুৎ সমস্যায় ভুগছে। বিদ্যুৎ গ্রিডের এই ত্রুটি একদিনেই সমাধান করা সম্ভব হলেও এখনো তা ঠিক করা হয়নি। এ বিষয়ে উপজেলা বিএনপিও ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, জনগণের ভোগান্তি নিয়ে তারা কার্যত কিছুই ভাবছে না।
উপজেলা সদরে দীর্ঘস্থায়ী যানজটের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন ছাত্রশক্তির এই নেতা। তাঁর অভিযোগ, অবাধ চাঁদাবাজি এবং ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাটের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। অথচ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধনে ছাত্রশক্তি বোয়ালখালী উপজেলা শাখার আহ্বায়ক এহতেসামুল হক ইশমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকটের কথা তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতালে সাকশন মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকের চরম সংকট রয়েছে।
এহতেসামুল হক ইশমাম বলেন, জরুরি সরঞ্জাম ও দক্ষ চিকিৎসকের অভাবে হাসপাতালের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে রোগীদের বাধ্য হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হচ্ছে। তিনি দ্রুত হাসপাতালে আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং মানসম্মত চিকিৎসক নিয়োগের দাবি জানান।
কর্মসূচি শেষে আগামীকাল জুমার নামাজের পর আবারও কর্মসূচির আহ্বান জানানো হয়। বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।




