বোয়ালখালীতে লবণ কারখানায় আগুনে দগ্ধ ১১ শ্রমিক, আইসিইউতে ৫ জন

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় ওয়েল্ডিং কাজের সময় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের শরীরের ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে ১১ শ্রমিক দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, দগ্ধদের অধিকাংশের শরীরের ৪০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক এবং কয়েকজনকে আইসিইউতে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন—দিদারুল আলম, জাহিদুল আলম, মাহমুদুল হক, উজ্জ্বল, নূর নবী, লিটন, জাহিদুল, সেলিম, জাহিদুল, সিরাজুল ও আহসানুল হক। এদের মধ্যে গুরুতর পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহসানুল হক চিকিৎসা নিয়েছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ জানান, দিদারুল আলমের শরীরের ৯৫ শতাংশ, জাহিদুল আলমের ৬৫ শতাংশ, মাহমুদুল হকের ৬০ শতাংশ, উজ্জ্বলের ৫০ শতাংশ, নূর নবীর ৪৫ শতাংশ, লিটনের ৪০ শতাংশ, জাহিদুলের ৩৫ শতাংশ, সেলিমের ২০ শতাংশ এবং জাহিদ ও সিরাজুলের ১০ শতাংশ করে পুড়ে গেছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, সংকটাপন্ন রোগীদের আইসিইউতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে।

এদিকে দগ্ধদের স্বজনরা জানান, গ্যাস সিলিন্ডার বা বয়লার বিস্ফোরণ থেকে দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসা প্রয়োজন।

তবে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠান আহত শ্রমিকদের সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে এবং প্রয়োজন হলে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও করবে।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নতুন জেনারেটর স্থাপনের কাজ চলাকালে বিস্ফোরণের পর আগুন লেগেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

আইএমই/এএইচ

ksrm