চট্টগ্রামের বোয়ালখালীতে মুখোশধারী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল বশর চৌধুরী নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত আবুল বশর চৌধুরী (৫৫) উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি এবং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান জানান, শুক্রবার রাতে একটি বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে বশর চৌধুরী হাঁটছিলেন। এ সময় তিন রাস্তার মোড়ে ওঁৎ পেতে থাকা তিনজন মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ তার ওপর হামলা চালিয়ে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




