বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গেলেন এক নারী, মাথায় গুরুতর আঘাত

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনের ছাদ থেকে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।

বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার জানান, সকাল পৌনে ৯টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক নারীকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. মোক্তার জানান, কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি বেঙ্গুরা রেলগেট অতিক্রম করার সময় ওই নারী ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। অচেতন অবস্থায় থাকায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আহত নারীর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। তার স্বজনদের সন্ধান পেলে দ্রুত হাসপাতালে সঙ্গে যোগাযোগ করার বলা হয়েছে।

ডিজে

ksrm