বোয়ালখালীতে ঘরের সিলিংয়ে ঝুলছিল যুবকের মরদেহ

চট্টগ্রাম বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলিংয়ের সঙ্গে গামছা পেচানো অবস্থায় ঝুলছিল ওই যুবক।

নিহত যুবকের নাম ইমরান হোসেন (২৮)। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আইসক্রিম ফ্যাক্টরি রোডের আসকর পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন ওই এলাকার মৃত বজল করিমের ছেলে। তার স্ত্রী ও এক বছর বয়সী একটি সন্তান আছে।

নিহতের ভাই মো. ইমন হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। একপর্যায়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের সিলিংয়ের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন ইমরান। পরে বেড়া কেটে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

বোয়ালখালী থানার এসআই জুয়েল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এএইচ

ksrm