বোয়ালখালীতে খালে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

চট্টগ্রামের বোয়ালখালীর রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (১০ জুন) মধ্যরাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ আবুল কালাম (৩২) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার বাসিন্দা এবং আবদুল মাজেদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে জাল নিয়ে রায়খালী খালের ঘাটকূল এলাকায় যান আবুল কালাম। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন এবং কর্ণফুলী নদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করেন।

নিখোঁজের ভাই জিসান জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। দোকান পরিচালনার পাশাপাশি তিনি নিয়মিত খাল থেকে মাছ ধরতেন। রাতে মাছ ধরতে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বোয়ালখালী স্টেশন উদ্ধার তৎপরতা শুরু করেছে। স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিখোঁজ যুবকের সন্ধান পেলে স্থানীয় প্রশাসন বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

ডিজে

ksrm