বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৬

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মাহমুদুল হক (৪০) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এর আগে গত ২১ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ লিটন (২৮) মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সদরঘাট থানার উত্তর নালাপাড়া, মাদারবাড়ি এলাকার বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

গত ১৬ জুলাই বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ডিজে

ksrm