বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে গেছে পাঁচ বসতঘর। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া দুদু মিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুনে বসতঘর পুড়ে গেছে, শাহ আলম, আব্দুর রহিম, করিম, বাদশা মিয়া ও নুরুল আলমের।

ভুক্তভোগী শাহ আলম জানান, অগ্নিকাণ্ডে তার নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এএইচ

ksrm