বৈরাগী ভৈরবের সুরে মুগ্ধ সকাল, সিসিএমআইয়ের ‘শ্রোতার আসরে’ স্বরাজ সাহা

রাগ বৈরাগী ভৈরবের কোমল নিষাদের নিনাদ আর শুদ্ধ মধ্যমের ললিতের মধ্য দিয়ে যেন ফুটে উঠল এক বৈরাগী সকালের ছবি। শ্রোতারাও মগ্ন হয়ে শুনছিলেন সেই সুরের বিস্তার। রাগরূপের তুলি দিয়ে স্বরের রঙে সেই সুরের ছবি আঁকছিলেন উদীয়মান খেয়ালশিল্পী স্বরাজ সাহা।

শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট’ (সিসিএমআই) আয়োজিত ‘শ্রোতার আসর’ অনুষ্ঠিত হয় নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় সিসিএমআইয়ের নিজস্ব কার্যালয়ে। সকালের রাগের গায়নকে কেন্দ্র করে আয়োজিত এ আসরে সংগীত পরিবেশনের পাশাপাশি শ্রোতাদের অংশগ্রহণে রাগসংগীত নিয়ে বিশ্লেষণ ও মতামত বিনিময়ের আয়োজন ছিল।

দুটি পর্বে সাজানো হয় ‘শ্রোতার আসর’। প্রারম্ভিক পর্বে ছিল রাগসংগীত পরিবেশন। এরপর অন্তিম পর্বে শ্রোতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মতামত ও বিশ্লেষণ পর্ব।

গায়ন পর্বে রাগ বৈরাগী ভৈরব পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী স্বরাজ সাহা। আলাপ বিস্তারের মধ্য দিয়ে তিনি রাগ বৈরাগীর বৈরাগ্য ভাব ফুটিয়ে তোলেন। পরে তিনি সকালের আরেকটি রাগ ভাটিয়ার পরিবেশন করেন।

তবলায় সঙ্গত করেন শিল্পী তিষাণ ঘোষ। হারমোনিয়ামে ছিলেন পৃথ্বীরাজ সাহা এবং তানপুরায় ছিলেন শিল্পী আরাধ্যা দাশ।

গায়ন পর্ব শেষে শিল্পী রাজীব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিশ্লেষণ পর্ব। ‘শ্রোতার আসর’-এর বিশেষ দিক ছিল একই মেঝেতে শ্রোতা ও শিল্পীর সহাবস্থান। এতে শিল্পী ও শ্রোতাদের মধ্যে সরাসরি মতামত বিনিময়ের সুযোগ তৈরি হয়।

বিশ্লেষণ পর্বে অংশ নেন সিসিএমআইয়ের গুরু ও নন্দিত মোহন বীণা শিল্পী উস্তাদ দোলন কানুনগো, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, শিল্পী রাজেশ সাহা, বিশিষ্ট ব্যাংকার ও শিল্পী আ.ন.ম নাসির উদ্দিন, শিল্পী মোখলেছুর রহমান প্রমুখ।

ksrm