বেপজায় চোরকে ছাড়াতে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় চুরি করতে গিয়ে ধরা
পড়া চোরকে ছাড়িয়ে নিতে বেপজার নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আটক চোরকে গাড়িতে করে থানায় যাওয়ার সময় হামলা করে ভাঙচুর করা হয় গাড়িটিও। এ ঘটনার পর চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোরে ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন—চোরচক্রের সদস্য আসলাম শেখ, আব্দুল কাইয়ুম, মো. রাশেদ ও মো. রাসেল আলামিন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেডের মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেডে একদল চোর প্রবেশ করার খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় নিরাপত্তারক্ষীরা আসলাম শেখকে আটক করলেও অন্য চোরেরা পালিয়ে যায়।

আসলামকে আটকের পর থানায় হস্তান্তর করতে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় সিইপিজেডের বিডি অ্যাপারেলসের গেটের সামনে ৩০ থেকে ৪০ জনের একটি দল গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়ি ভাঙচুর করে আসলামকে ছিনিয়ে নিয়ে যায়। এসময় চোর চক্রের সদস্যরা নিরাপত্তাকর্মীদের মারধর করে ও গাড়ি ভাঙচুর করে।

ওইদিন রাতে বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও অ্যাস্টেট) পাপ্পু দে বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হন চারজন।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান
চালানো হয়। অভিযানে আসলাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বিএস/ডিজে

ksrm