বৃষ্টি হতেই চট্টগ্রামে সড়ক দেবে গর্ত

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় হঠাৎ করে সড়কের এক পাশ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হিজড়া খালের প্রবর্তক সেতুর পাশের এক অংশ ধসে পড়লে নিরাপত্তার কারণে সড়কের অপর অংশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়।

ঘটনাস্থলের পাশেই চলমান রয়েছে খালের প্রতিরোধ দেয়াল নির্মাণকাজ। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় কাজটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), যেখানে সহযোগী হিসেবে কাজ করছে সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

সরেজমিন দেখা গেছে, প্রবর্তক মোড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের বিপরীতে সড়কের এক পাশ দেবে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা সেখানে বালুর বস্তা ফেলে জরুরি ভিত্তিতে গর্ত ভরাটের চেষ্টা করছেন। দুর্ঘটনা এড়াতে সড়কে ফিতা টানিয়ে দুই লেন বন্ধ রাখা হয়েছে, ফলে বাকি দুই লেন দিয়ে গাড়ি চলাচল করতে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনভোগান্তি।

প্রায় তিন বছর আগে এই এলাকায় হিজড়া খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছিল। বর্তমানে সেতুর পাশেই প্রতিরোধ দেয়ালের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন জানান, ঠিক কী কারণে সড়কটি দেবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আপাতত বালুর বস্তা দিয়ে সাময়িক সমাধান করা হচ্ছে। বৃষ্টি থামলে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার করা হবে।

এএইচ/ডিজে

ksrm