মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘলা আকাশের মধ্যেই চট্টগ্রাম নগরে নতুন যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট। প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে নগরের কাজীর দেউড়ী এলাকার এস এস খালেদ রোডের কর্ণফুলী টাওয়ারে উদ্বোধন করা হয় চট্টগ্রাম অফিসের। বিকেলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করেন। এ সময় কার্যালয়টি জ্যেষ্ঠ সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে ঢাকা পোস্ট ইতোমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে এবং স্বল্প সময়েই দেশের গণমাধ্যম অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। তিনি বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র হওয়ায় এখানে আঞ্চলিক অফিস চালুর ফলে স্থানীয় সংবাদ আরও দ্রুত, গভীর ও নির্ভুলভাবে সংগ্রহ ও যাচাই করে পাঠকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সংবাদ পরিবেশনের পাশাপাশি অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতায় গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের মানুষের নিত্যদিনের সমস্যা, অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন-সম্ভাবনাগুলো সামনে আনার ক্ষেত্রে ঢাকা পোস্ট অগ্রণী ভূমিকা রাখতে চায়।
অনুষ্ঠানে আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান বলেন, ঢাকা পোস্ট পোর্টালের পাঠকসংখ্যা কল্পনার বাইরে এবং অল্প সময়েই এটি যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে, তা বিস্ময়কর। একসঙ্গে ১ লাখ ১৪ হাজার ট্রাফিক পাওয়া দেশের অনলাইন গণমাধ্যমগুলোর জন্য বড় অর্জন উল্লেখ করে তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে ঢাকা পোস্ট আরও এগিয়ে যাবে।
চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ঢাকা পোস্ট ইতোমধ্যে তার সক্ষমতা প্রমাণ করেছে এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা বাড়ানোর ওপর জোর দেন তিনি। সত্য তুলে ধরার ক্ষেত্রে আপস না করার আহ্বান জানান।
দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র চট্টগ্রামকে বাদ দিয়ে দেশের সামগ্রিক চিত্র কল্পনা করা যায় না। তিনি বলেন, জাতীয় গণমাধ্যম হিসেবে ঢাকা পোস্টের উচিত চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করা এবং এখানকার ইস্যুগুলো অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরা।
ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান বলেন, শুরু থেকেই চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে আসছে ঢাকা পোস্ট এবং ভবিষ্যতেও এই গুরুত্ব অব্যাহত থাকবে। তিনি বলেন, ঢাকায় রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকরা বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন, এখন লক্ষ্য চট্টগ্রাম থেকেও মানসম্মত রিপোর্টিংয়ের মাধ্যমে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করা।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা বলেন, অল্প সময়ে অর্জিত আস্থা ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারলে এই গণমাধ্যম আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং আঞ্চলিক অফিস চালুর ফলে সংবাদ সংগ্রহ ও প্রকাশনার গতি বাড়বে।
দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, চট্টগ্রাম আঞ্চলিক অফিস উদ্বোধন একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও অনেক সময় এখানকার গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় না। এই অফিস চালুর মাধ্যমে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং স্থানীয় সাংবাদিকতার মান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিকরা বলেন, চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢাকা পোস্টের কার্যক্রম সম্প্রসারণ সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম আরও গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব হবে।
ঢাকা পোস্ট চট্টগ্রাম অফিসের নিজস্ব প্রতিবেদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বার্তা সম্পাদক আবু রাসেল, হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং এইচ এম গোলাম মর্তুজা, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান সালাউদ্দিন রেজা, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, দৈনিক সমকালের ব্যুরো প্রধান সরওয়ার সুমন, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, ডেইলি সানের ব্যুরো প্রধান নুর উদ্দিন মিলন, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান সুবল বড়ুয়া, জিটিভির চট্টগ্রাম ডেপুটি ব্যুরো প্রধান তৌহিদুল আলম, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গাজী ফিরোজ শিবলী, খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম, ডেইলি সানের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক সোহেল মারমা, আবু বক্কর সিদ্দিক এবং ফটোগ্রাফার হেলাল সিকদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশাররফ। পরে অতিথিরা কেক কেটে কার্যালয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।




