বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর ভয়, এক সপ্তাহে ৮ রোগী ভর্তি চট্টগ্রাম মেডিকেলে

চট্টগ্রামে কয়েকদিনের বৃষ্টিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। এক সপ্তাহে নতুন করে ৮ জন আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন মেডিকেলের বহির্বিভাগে জ্বর, সর্দি নিয়ে ভিড় করছেন রোগীরা।

সোমবার (১ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের প্রতিবেদন অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ২ জনের শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে।

এর আগে গত ২৬ মে ২ জন, ৩০ মে ২ জন, ৩১ মে ২ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয়। তারা সবাই চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান (আরপি) ডা. এসএম রিয়াসাত সাহাবুদ্দিন বলেন, ‘ঈদের দুইদিন আগে ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল।’

তবে ডেঙ্গু রোগ জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই বেড়ে যায় বলে জানান ডা. রিয়াসাত।

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশক নিধন বিভাগ কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত থাকায় মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

চলতি বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে চট্টগ্রাম মহানগরীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে ৪১টি ওয়ার্ডজুড়ে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

আইএমই/ডিজে

ksrm