চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ লিভার রোগে মারা যায়, যা মোট মৃত্যুর প্রায় ৪ শতাংশ। বাংলাদেশে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ সমস্যা থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন।
রোববার (২১ ডিসেম্বর) তারকামানের চট্টগ্রাম রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস, বাংলাদেশের (এএসএলডিবি) বার্ষিক আন্তর্জাতিক হেপাটোলজি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, লিভার রোগের চিকিৎসায় আধুনিক জ্ঞান, গবেষণা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। এ ধরনের বৈজ্ঞানিক সম্মেলন দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘এভলভিং প্যারাডাইমস ইন দ্য ম্যানেজমেন্ট অব লিভার ডিজিজ’ প্রতিপাদ্যে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত এই সম্মেলনের সহ-আয়োজক ছিলেন হেপাটোলজি সোসাইটি, বাংলাদেশ।
১৯তম এই সম্মেলনে বাংলাদেশসহ চারটি দেশের লিভার বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ৫০০-এর বেশি নবীন ও পেশাদার চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এএসএলডিবি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী এবং সংগঠনটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল লিভার রোগের আধুনিক চিকিৎসা পদ্ধতি, গবেষণার অগ্রগতি এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করা। তাদের প্রত্যাশা, এই সম্মেলন সমাজ ও দেশের জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে অংশ নেওয়া নবীন চিকিৎসকরা বলেন, বক্তারা তাদের অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাদের কাছ থেকে আমরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করেছি। আশা করছি, এই জ্ঞান ভবিষ্যতে সঠিক চিকিৎসা প্রদানে আমাদের কাজে আসবে।
এএসএলডিবি’র সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এএসএলডিবি প্রতিবছরই বৈজ্ঞানিক সম্মেলনের আয়োজন করে থাকে। এই সম্মেলনে লিভার রোগ বিষয়ে চিকিৎসকরা তাদের অভিজ্ঞতা উপস্থাপন করেন। এর মাধ্যমে লিভার চিকিৎসায় আরও আধুনিক ধারণা পাওয়া যায়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম বলেন, আজকের সম্মেলনে দেশি-বিদেশি বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। দেশে বিভিন্ন ইনস্টিটিউট থাকলেও, এই সম্মেলনের মাধ্যমে আমরা দেশে একটি বিশেষায়িত লিভার ইনস্টিটিউট স্থাপনের প্রস্তাব তুলে ধরছি।




