চট্টগ্রামে ১১ বছরের পথচলা পূর্ণ করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি, আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ, রক্তদান কর্মসূচি ও কর্মীদের অংশগ্রহণে বর্ষপূর্তি উদযাপন করেছে প্রতিষ্ঠানটি। শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এ আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, নারী কর্মীদের জন্য ইনডোর ফুটবল ও বাস্কেটবল প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। একই সঙ্গে হালিশহরে নতুন শাখার মাধ্যমে স্থানীয় মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এসএম লোকমান কবির। তিনি বলেন, প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতা সবচেয়ে বড় অনুপ্রেরণা। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মানুষের পাশে থাকার এ যাত্রা আরও বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ইঞ্জিনিয়ার এসএম লোকমান কবির আরও বলেন, হালিশহর এলাকার মানুষের কাছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এপিক হেলথ কেয়ারের নতুন শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার ও মানসম্মত সেবার সমন্বয়ে এ উদ্যোগ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ ও সুবিধাজনক করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ার লিমিটেডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর টিএম হান্নান, ডিরেক্টর মো. জসিম উদ্দিন, ডিরেক্টর তানজিনা কবির, ডিরেক্টর ডা. আব্দুর রাজ্জাক খানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।
আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ও আধুনিক প্রযুক্তি
মানসম্মত ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ ও পরীক্ষাগার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিচ্ছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে আইএসও ১৫১৮৯ স্বীকৃতির ধারাবাহিকতা বজায় রেখে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতে পরীক্ষাগারের মানসম্মত কার্যক্রমে ভূমিকা রাখছে।
উন্নত ইমেজিং প্রযুক্তির ক্ষেত্রে জার্মানির সিমেন্স হেলথনিয়ারসের থ্রিটি এমআরআই ও ডিপ রিসলভ এআই প্রযুক্তি ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। এসব প্রযুক্তি এপিক হেলথ কেয়ারের ডায়াগনস্টিক সক্ষমতাকে সমৃদ্ধ করেছে। পাশাপাশি উন্নত বায়োসেফটি ব্যবস্থা ও নিয়ন্ত্রিত পরিবেশে বিশেষায়িত পরীক্ষা পরিচালনার জন্য রয়েছে বিএসএল-থ্রি ল্যাবরেটরি।
বিশেষ করে সংক্রামক রোগ শনাক্তকরণে আরটি-পিসিআরসহ বিভিন্ন বিশেষায়িত পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের পরীক্ষাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নত প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল ও যথাযথ মাননিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে প্রতিষ্ঠানটির।
রক্তদান ও টিকাদানে গুরুত্ব
এপিক হেলথ কেয়ারের ব্লাড ব্যাংকিং কার্যক্রমে নিরাপদ রক্ত সংগ্রহ, রক্তের গ্রুপ নির্ণয়, ক্রসম্যাচিং ও প্রয়োজনীয় সংক্রমণ স্ক্রিনিংয়ের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়। চিকিৎসকের অনুমোদন ও প্রযোজ্য নিরাপত্তা প্রটোকল মেনে রক্ত পরিসঞ্চালনের প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি প্রতিষ্ঠানের এ মানবিক উদ্যোগের অংশ।
অন্যদিকে, এপিক হেলথ কেয়ারের টিকাদান কেন্দ্রে বিভিন্ন বয়স ও প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক টিকা গ্রহণের সুযোগ রয়েছে। নির্ধারিত তাপমাত্রায় টিকা সংরক্ষণ, কোল্ড চেইন ব্যবস্থাপনা ও উপযুক্ত তত্ত্বাবধানের মাধ্যমে নিরাপদ টিকাদান সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এপিক ডেন্টাল কেয়ারে আধুনিক দন্তচিকিৎসা
এপিক হেলথ কেয়ারের সহযোগী প্রতিষ্ঠান এপিক ডেন্টাল কেয়ারে আধুনিক প্রযুক্তি, বিভিন্ন বিভাগের ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক ও মানসম্মত চিকিৎসাসেবার সমন্বয়ে মুখ ও দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করার উদ্যোগ রয়েছে।
প্রতিষ্ঠানটিতে নিয়মিত ডেন্টাল চেকআপ, দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসা, রুট ক্যানেল, ডেন্টাল ইমপ্লান্টসহ আধুনিক দন্তচিকিৎসার বিভিন্ন সেবা রোগীদের প্রয়োজন অনুযায়ী দেওয়া হয়। পাশাপাশি CAD/CAM প্রযুক্তিনির্ভর ডিজিটাল ডেন্টিস্ট্রি ব্যবস্থার মাধ্যমে চিকিৎসায় আধুনিকতা ও নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। রোগীবান্ধব পরিবেশ ও সমন্বিত চিকিৎসাব্যবস্থার মাধ্যমে মানসম্মত দন্তচিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে প্রতিষ্ঠানটির।
ভবিষ্যৎ পরিকল্পনা
এপিক হেলথ কেয়ার লিমিটেডের ১১ বছরের পথচলায় চট্টগ্রামের মানুষের আস্থা, ভালোবাসা ও সহযোগিতাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তির সংযোজন, সেবার পরিধি সম্প্রসারণ, দক্ষ জনবল উন্নয়ন ও মাননিয়ন্ত্রণের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।
প্রতিষ্ঠানটির ১১তম বর্ষপূর্তির আয়োজন কর্মীদের ঐক্য, মানবিক দায়বদ্ধতা ও ভবিষ্যৎ অগ্রযাত্রার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে বলে জানানো হয়। নতুন শাখা ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় নির্ভরযোগ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় এপিক হেলথ কেয়ার লিমিটেড।




