বিশ্বকাপ ঘিরে রবির চার ক্যাম্পেইন, পুরস্কার পেলেন ২৬ বিজয়ী

ফুটবল বিশ্বকাপ ঘিরে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের ২৬ বিজয়ীকে পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

‘মাই রবি অ্যাপে বিশ্বকাপ অন, আপনি হবেন চ্যাম্পিয়ন’ স্লোগান সামনে রেখে মাই রবি অ্যাপে সরাসরি খেলা দেখানোর পাশাপাশি গ্রাহকদের জন্য ডিজিটাল ও নন-ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করে রবি। বিশ্বকাপ উপলক্ষে ছিল পণ্যভিত্তিক ক্যাম্পেইনও।

অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ‘ফুটবল বিশ্বকাপকে ঘিরে আমাদের ক্যাম্পেইনগুলোর লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা তৈরি করা। অংশগ্রহণকারীদের বিপুল উৎসাহ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ এবং গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে আরও মূল্যবান ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

‘কুইজমাস্টার’ ক্যাম্পেইনে মাই রবি অ্যাপ থেকে বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রতিদিন ফুটবল কুইজ খেলার সুযোগ পান গ্রাহকেরা। বিশ্বকাপ শেষে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিডারবোর্ডের শীর্ষে থাকাই ছিল প্রতিযোগীদের লক্ষ্য। লিডারবোর্ডের ফলাফলের ভিত্তিতে এ ক্যাম্পেইনে ১১ জন বিজয়ী নির্বাচন করা হয়।

‘স্ন্যাপ উইথ গ্রাফিটি’ ক্যাম্পেইনে সারাদেশে রবির বিশ্বকাপ গ্রাফিতির সামনে ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। ছবিতে পাওয়া রিঅ্যাকশনের ভিত্তিতে ১১ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।

বিশ্বকাপের ফলাফল অনুমান নিয়ে ছিল ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জ। এতে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গোল্ডেন বুট বিজয়ী ও গোল্ডেন বল বিজয়ী অনুমান করেন। কতগুলো অনুমান সঠিক হয়েছে এবং কত দ্রুত সঠিক অনুমান করা হয়েছে, এই দুই বিষয় বিবেচনায় নিয়ে তিনজন বিজয়ী নির্বাচন করা হয়।

অন্যদিকে, ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর আওতায় নির্ধারিত মান্থলি প্যাক কিনে গ্রাহকেরা তাঁদের পছন্দের দল নির্বাচন করেন। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেনকে নির্বাচন করা গ্রাহকদের মধ্য থেকে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে ক্যাম্পেইনের সবচেয়ে বড় পুরস্কার রয়্যাল এনফিল্ড বাইক জিতে নেন।

সব মিলিয়ে চারটি ক্যাম্পেইনে ২৬ জন বিজয়ী পুরস্কৃত হন। এর মধ্যে ‘কুইজমাস্টার’-এর ১১ জন, ‘ফটো ইন ফ্রন্ট অব গ্রাফিটি’ ক্যাম্পেইনের ১১ জন, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জের তিনজন এবং ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী রয়েছেন। বিজয়ীরা একজন করে পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

ksrm