চট্টগ্রামের বাঁশখালীতে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন মা ও মেয়েসহ অন্তত পাঁচজন। গুরুতর আহত মা-মেয়েকে চট্টগ্রাম মেডিকেলের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মওলার পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ময়রা খাতুন (৫৫) ও তার মেয়ে রাবিয়া খাতুন (১৫)। চিকিৎসকরা তাদের মাথায় যথাক্রমে চার ও সাতটি সেলাই দিয়েছেন।
স্থানীয়রা জানান, আগের রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার সকালে মোরশেদুল ইসলাম ও তার ভাই মোহাম্মদ হাবিবের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল রাকিবের বাড়িতে হামলা চালায়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ধারালো দা ও কুড়াল নিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।
হামলায় মা-মেয়েসহ অন্তত পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোরশেদুল ইসলাম এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। হামলার পর মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
আহত ময়রা খাতুনের ছেলে মোহাম্মদ রাসেল জানান, তার মা ও বোন কেবল প্রতিবেশীকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর জানান, ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে হামলার ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিএ/ডিজে




