চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এক তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়ার মামলায় প্রেমিককে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্ত আসামির নাম মো. রাজীব (২৮)। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এসএম জিয়াউর রহমান এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন জানান, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল আসামি মো. রাজীবকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে নগরের পতেঙ্গা থানার কাটঘর হিন্দুপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
দীর্ঘদিন ধরে আসামি রাজীব বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে তরুণীর মা কর্মস্থলে থাকার সুযোগে রাজীব ওই বাসায় যান। কথোপকথনের একপর্যায়ে তিনি ঘরের দরজা বন্ধ করে তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর রাজীব ঘরের ওয়াশরুমে ঢুকলে ভুক্তভোগী বাইরে থেকে দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন।
পরে বাড়ির মালিকসহ স্থানীয় লোকজন এসে রাজীবকে ওয়াশরুম থেকে বের করেন। পরে ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ ঘটনায় ২০২০ সালের গত ৯ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। ২০২০ সালের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
টিএ/ডিজে




