বিয়ের প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে গ্রেপ্তার বিবাহিত এনসিপি নেতা

চট্টগ্রামে ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি ধর্ষণ মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ। তিনি বলেন, ধর্ষণ মামলার আসামি আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, পরে মামলা

চট্টগ্রামের আগ্রাবাদ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী মঙ্গলবার (১৯ জুলাই) চান্দগাঁও থানায় মামলাটি করেন।

মামলার নথি অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর আফতাব মজুমদার জয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও থানার সুইট প্যালেস হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের আশ্বাস ও প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, ঘটনার পর ভুক্তভোগী একাধিকবার বিয়ের জন্য অনুরোধ জানালেও জয় বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। একপর্যায়ে ওই শিক্ষার্থী জানতে পারেন, অভিযুক্ত আগে থেকেই বিবাহিত এবং তাঁর একটি সন্তান রয়েছে।

এরপর ওই শিক্ষার্থী আফতাব মজুমদার জয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা করেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এনসিপিতে যোগদানের আগে যুবশক্তিতে ছিলেন

দলীয় সূত্রে জানা যায়, আফতাব মজুমদার জয় এর আগে এনসিপির যুব সংগঠন যুবশক্তির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন।

বিএস/সিপি

ksrm