বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, কনের ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু
মধ্যরাতে চট্টগ্রাম থেকে ফিরছিলেন কক্সবাজার
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কনের ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাত দেড়টার দিকে কর্ণফুলীর ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ঈদগাঁও বাস স্টেশনের নূর জাহান প্লাজার মালিক ও পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ (৫৫), মাইক্রোবাস চালক মো. মুন্না (৪০), ঈদগাঁও মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো ভাই নিয়াজ মোর্শেদ (২২) এবং তার বোন মিফতাহ (২০)। সবাই মিফতাহের বড় বোনের বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন।
গাড়িবহরে থাকা আহতরা জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিফতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজনকে নিয়ে একটি মাইক্রোবাসে করে তারা কক্সবাজারের ঈদগাঁওতে ফিরছিলেন। রাত পৌনে ২টার দিকে গাড়িটি ক্রসিং মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিফতাহ নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াজ মোর্শেদ ও মাইক্রোবাসচালক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির আলাউদ্দীন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় গাড়ি চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
আইএমই/ডিজে




